রাজনীতি

জামায়াত ফেরেশতার দল নয়, ভুল হলে কঠিন ব্যবস্থা নেওয়া হবে: শফিকুর রহমান

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৪ জুলাই ২০২৬, ১২:২৪
PostImage

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুল-ত্রুটি হয়: শফিকুর রহমান


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। আমরা মানুষ, তাই ভুল-ত্রুটি ও অপরাধ হতেই পারে। তবে অন্যায় ও জামায়াতে ইসলামী একসঙ্গে চলতে পারে না।’ শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে আয়োজিত দলের রুকন (সদস্য) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


শফিকুর রহমান বলেন, দলের কোনো নেতা-কর্মীর অন্যায় বা অপরাধ চোখে পড়লে তা জানাতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, ‘আমাদের অন্যায়-অপরাধ দেখলে ধরিয়ে দিন। আমরা কথা দিচ্ছি, সংশোধনের চেষ্টা করব।’

নৈতিকতার প্রশ্নে দলের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীতে নৈতিকতার প্রশ্নে কোনো ছাড় নেই। সহনীয় মাত্রার কোনো লঙ্ঘন হলে সংশোধনের সুযোগ দেওয়া হবে। কিন্তু অপরাধ গুরুতর হলে কঠিন সিদ্ধান্ত নিতেই হবে।’


দলের নেতা-কর্মীদের সতর্ক করে তিনি বলেন, ‘গায়ে সাদা কাপড় থাকলে আরও বেশি সতর্ক থাকতে হয়। দায়িত্বে থেকে নৈতিকতা বজায় রাখাই আমাদের প্রধান অঙ্গীকার।’ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে শফিকুর রহমান বলেন, গণভোটের রায়কে বিএনপির অপমান করার প্রতিবাদে জামায়াত সংসদ থেকে ওয়াকআউট করেছিল। তিনি বলেন, ‘সংসদে সমস্যার সমাধান না হলে জনগণই গণতান্ত্রিক উপায়ে তার সমাধান করবে।’


তিনি আরও জানান, সংশোধন কমিটিতে অংশ নেওয়ার আহ্বান এলেও জনগণের রায়কে অস্বীকার করে সেখানে অংশ নেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। জনদাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে জামায়াত আমির বলেন, চাঁদাবাজি, দুর্নীতি ও নিরাপত্তাহীনতার কারণে দেশে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সরকারের আরও আন্তরিক হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।


আন্তর্জাতিক প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশের জুলাই আন্দোলনের স্পিরিট এখন বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়ছে। তবে আমরা কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না। একইভাবে অন্য কোনো দেশও যেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে, সেটাই আমাদের প্রত্যাশা।’ সম্মেলনে আরও বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন, নূরুল ইসলাম বুলবুল, মো. মোবারক হোসাইনসহ কেন্দ্রীয় নেতারা।