বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, যে আকাঙ্ক্ষা ও প্রত্যাশা নিয়ে জুলাইয়ের গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে অবিলম্বে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। জনগণের ভোটাধিকার, সুশাসন, জবাবদিহিতা, বিচার বিভাগের স্বাধীনতা এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় ঐক্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার কার্যকর করা জরুরি।
শুক্রবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে আয়োজিত থানা কর্মপরিষদ সদস্য ও ইউনিয়ন আমীর-সেক্রেটারিদের দায়িত্বশীল শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আব্দুল জাব্বার। আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান, জেলার সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস এবং ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য মাওলানা মুহাম্মদ সাদেক বিল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুরআন-সুন্নাহভিত্তিক একটি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন। কুরআন-সুন্নাহর আলোকে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধসম্পন্ন কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠাই এ আন্দোলনের লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীদের কুরআন-সুন্নাহর আদর্শে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ ও আহতদের ত্যাগ জাতির জন্য এক অনন্য প্রেরণা। তাদের রক্তের বিনিময়ে যে পরিবর্তনের প্রত্যাশা সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে রাষ্ট্রীয় সংস্কার, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিশ্চিতকরণ, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় আন্তরিক উদ্যোগ নিতে হবে। শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল জাব্বার বলেন, আদর্শবান ও নৈতিকতাসম্পন্ন মানুষ গড়ে তোলা জামায়াতে ইসলামীর অন্যতম প্রধান কর্মসূচি। নৈতিক স্খলন বা দুর্নীতির কোনো স্থান এ আন্দোলনে নেই। ব্যক্তি, পরিবার ও সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমেই একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন সম্ভব।
সভাপতির বক্তব্যে মমিনুল হক সরকার বলেন, একজন মুমিন হিসেবে আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের সকল কর্মকাণ্ডের মূল লক্ষ্য হওয়া উচিত। দায়িত্বশীলদের আত্মশুদ্ধি, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং জনগণের কল্যাণে নিবেদিতভাবে কাজ করার মাধ্যমে সংগঠনের লক্ষ্য বাস্তবায়ন করতে হবে। শিক্ষা শিবিরে দায়িত্বশীলদের আদর্শিক, সাংগঠনিক ও সমসাময়িক জাতীয় বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, জুলাইয়ের চেতনা ও জনগণের প্রত্যাশা বাস্তবায়নে ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা, সুশাসন, জবাবদিহিতা এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে সকল মহলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।