১৪৪ ধারা জারির মধ্যে মৌলভীবাজার থেকে হবিগঞ্জ যাওয়ার পথে শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ।
বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল উপজেলার শায়েস্তাগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের চা-কন্যা ভাস্কর্য এলাকায় ব্যারিকেড দিয়ে সড়ক বন্ধ করে তাদের গাড়িবহর থামিয়ে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়ি থামানোর পর এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ গাড়ি থেকে নেমে পুলিশের সঙ্গে কথা বলেন।
জানা গেছে, বিকেল ৩টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা হন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ দলের অন্যান্য নেতারা।
শ্রীমঙ্গল শহর থেকে হবিগঞ্জে যাওয়ার পথে চা-কন্যা ভাস্কর্য এলকায় শ্রীমঙ্গল-শায়েস্তাগঞ্জ সড়কে পুলিশ বেরিকেড দিয়ে তাঁদের গাড়িবহর আটকে দেয়। এ সময় সড়কের দুপাশে শত-শত গাড়ি আটকে পড়ে। সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু বলেন, নিরাপত্তাজনিত কারণে তাঁদেরকে আটকে দেওয়া হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের সঙ্গে কথা বলতে দেখা যায় এনসিপির নেতাদের।