মাত্র চার থেকে পাঁচ মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতায় রাষ্ট্রযন্ত্রে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন দেখতে পাননি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৩০ জুলাই) জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর ডিএফপি অডিটোরিয়ামে আয়োজিত প্রকাশনার মোড়ক উন্মোচন, আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, চার থেকে পাঁচ মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতায় তিনি দেখেছেন, রাষ্ট্রযন্ত্রে প্রত্যাশিত পরিবর্তন এখনো আসেনি। তাঁর ভাষায়, আগে যারা ঘুষ নিত, তারা এখনো একইভাবে ঘুষ নেওয়ার সুযোগ খুঁজছে। ভালো উদ্যোগ বাস্তবায়নে বাধা দেওয়ার প্রবণতাও আগের মতোই রয়েছে। পাশাপাশি অনেকেই অবস্থান বদলে এখন নিজেদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দিচ্ছেন।
বিএনপির মহাসচিব বলেন, ‘এই কথাগুলো আক্ষেপে বলছি। আক্ষেপে বলছি এ জন্য, আমার বয়স অনেক। আমি তো সত্যিকার অর্থেই এবার পরিবর্তনটা দেখতে চেয়েছিলাম। এখন পর্যন্ত সেটা আমি দেখছি না আমাদের মধ্যে। এর পরিবর্তন যেন আনতে পারি, তাহলে জুলাই আন্দোলন... জুলাই বিপ্লবের সফল পরিণতি দেখতে পারব।’
হতাশা ভর করলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রচেষ্টায় পরিবর্তন দেখছেন বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব বলেন, তিনি আশাবাদী এ কারণে যে, তিনি পরিবর্তন দেখছেন একজন মানুষের মধ্যে, তিনি তারেক রহমান। তিনি চেষ্টা করছেন। তিনি নতুন নতুন নজির স্থাপন করছেন। সেই নজিরকে যদি সবাই মিলে সামনে নিয়ে যাওয়া যায়, তাহলে হয়তো বা পরিবর্তনটা হবে। সে জন্য সবাই মিলে প্রধানমন্ত্রীকে সমর্থন দেওয়া দরকার।