রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী মনোনয়ন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আজ শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।
দলীয় দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হবে নতুন রাষ্ট্রপতি নির্বাচন। এ লক্ষ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় স্থায়ী কমিটির এ বৈঠক আহ্বান করেছেন। এর আগে গত ২৬ জুলাই বগুড়ায় এক কর্মসূচিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্রপতি পদে দলীয় নাকি নির্দলীয় কাউকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সংবিধান ও আইন অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে।
যদিও দলটির শীর্ষ নেতারা সম্ভাব্য প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেননি, তবে রাজনৈতিক অঙ্গনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। দীর্ঘদিন ধরে দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন, রাজনৈতিক সংকটে নেতৃত্ব এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় তিনি এগিয়ে আছেন বলে দলীয় বিভিন্ন সূত্রের ধারণা।
এ ছাড়া স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান এবং নজরুল ইসলাম খানের নামও সম্ভাব্য তালিকায় আছে বলে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। একাধিক নেতার ভাষ্য, রাষ্ট্রপতি হিসেবে দলের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে থেকে কাউকে বেছে নেওয়ার পক্ষে সবাই। এর বাইরে অন্য কেউ গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পালন করতে পারবেন না। রাষ্ট্রপতি পদে যিনি বসবেন, তার সঙ্গে রাজনৈতিক দলগুলোর ভালো সম্পর্ক থাকতে হবে। আমলা অথবা অন্য কারও পক্ষে এ দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করা সম্ভব নয় বলে অনেকে মনে করেন।
বিএনপি সূত্রগুলো জানায়, চলতি আগস্টের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্বের। এ প্রেক্ষাপটে দলের পক্ষ থেকে কাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপর ছেড়ে দেওয়া হতে পারে বলে স্থায়ী কমিটির একাধিক নেতার সঙ্গে কথা বলে ধারণা পাওয়া গেছে। সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন হাফিজ উদ্দিন আহমদ। বঙ্গভবনের পরবর্তী অভিভাবক কে হতে যাচ্ছেন, তা নিয়ে গত কয়েক দিন ধরে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা সমীকরণ ও জল্পনা-কল্পনা।