জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের জেরে ঢাকা ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতালে হামলার ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নারী শক্তির সদস্য সচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।
মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “স্পষ্ট মনে আছে, ২৪-এর জুলাইয়ে ঠিক এইভাবে ন্যাশনাল মেডিকেলে ঢুকে ছাত্রলীগ হামলা করেছিল। ধ্বংস হোক নব্য ফেরাউনের দুই হাত!”
এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির ও ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার জেরে ঢাকা ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন শিবির ও ছাত্রশক্তির কয়েকজন নেতাকর্মীর ওপর হামলার অভিযোগ ওঠে।
মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর আগে কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা যৌথ মিছিল নিয়ে হাসপাতালের সামনে অবস্থান নেন। পরে সেখানে উত্তেজনা সৃষ্টি হলে হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।