রাজনীতি

জামায়াতের জুলাই প্রদর্শনীতে উঠে এলো ছাত্রদল নেতা আবিদের ভূমিকা

detaillogo
ডেস্ক নিউজ
০৮ আগস্ট ২০২৬, ১৪:৫০
PostImage

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবন ‘লাল বাড়ি’-তে ‘জুলাই এখনও শেষ হয়নি’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনী চলছে


রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবন ‘লাল বাড়ি’-তে ‘জুলাই এখনও শেষ হয়নি’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনী চলছে। প্রদর্শনীতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান আবিদের ভূমিকার বিষয়টিও তুলে ধরা হয়েছে।


২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে আন্দোলনরতদের উদ্দেশে আবিদুল ইসলাম খান বলেছিলেন, ‘প্লিজ কেউ কাউকে ছেড়ে যাইয়েন না।’ তার এই আহ্বান সে সময় আন্দোলনকারীদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।


‘প্লিজ কেউ কাউকে ছেড়ে যাইয়েন না’ বাক্যটি ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময়কার একটি অত্যন্ত আবেগঘন ও পরিচিত স্লোগান বা আকুতি।


জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবন ‘লাল বাড়ি’-তে জুলাই গণঅভ্যুত্থানের ওপর প্রদর্শনীতে আবিদের সেই সময়কার ভিডিও দেখানো হয়।

এদিকে, প্রদর্শনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ থাকলেও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের ভূমিকার উল্লেখ না থাকায় প্রশ্ন দেখা দেয় অনেকের মনে। এর ব্যাখ্যায় শনিবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘প্রদর্শনীতে মূলত কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসনের ধারাবাহিকতা এবং এর বিরুদ্ধে মানুষের আন্দোলনের ইতিহাস তুলে ধরা হয়েছে। জিয়াউর রহমানকে কর্তৃত্ববাদী শাসক হিসেবে বিবেচনা না করায় তার ভাষণ বা ভূমিকা প্রদর্শনীতে রাখা হয়নি।’