গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি একটি আইনি প্রক্রিয়া এবং তা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বে অব বেঙ্গল কনফারেন্সের একটি সেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।
হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, বিষয়টি একটি আইনি প্রক্রিয়া, যা অব্যাহত রয়েছে। এটি সম্পূর্ণভাবে একটি সুগঠিত আইনি প্রক্রিয়ার বিষয় এবং এই প্রক্রিয়ায় আদালত যুক্ত রয়েছে। ফলে এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা বা টাইমফ্রেম দেওয়া সম্ভব নয়।
তিনি আরও বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বিষয়টি ইতোমধ্যে একাধিকবার স্পষ্ট করেছে। গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত নিজস্ব আইনগত ব্যবস্থার প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল।
শেখ হাসিনা কীভাবে ভারতে পৌঁছান, সে বিষয়ে দীনেশ ত্রিবেদী বলেন, তাকে ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনী ভারতে নিয়ে আসেনি। বরং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সামরিক বিমানে করে ভারতে যান।
তবে শেখ হাসিনাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া ছাড়া ভারতের হাতে তখন আর কোনো সুযোগ ছিল না বলেও মন্তব্য করেন ভারতের এই কূটনীতিক। দীনেশ ত্রিবেদী বলেন, পুরোনো বন্ধু হিসেবে ভারতের যা করার, তারা তা করেছে। ওই সময় শেখ হাসিনাকে বহনকারী বিমানকে ভারতে অবতরণের অনুমতি না দিলে কী হতো, তা জানা নেই বলেও মন্তব্য করেন তিনি।