ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে আদালতে হাজির করা হয়েছে।
রোববার (২২ মার্চ) বেলা ১২টার দিকে তাদের বিধাননগর বিশেষ আদালত-এ তোলা হয়। এর আগে চলতি মাসের ৭ তারিখ রাতে সীমান্তবর্তী বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশ।
গ্রেফতারের পর পশ্চিমবঙ্গের একটি আদালত তাদের ১৪ দিনের রিমান্ডে পাঠায়।
এদিকে, মেঘালয় সীমান্ত দিয়ে ওই দুই আসামিকে ভারতে প্রবেশে সহায়তার অভিযোগে ফিলিপ সাংমা নামে এক ব্যক্তিকে গত ১৩ মার্চ গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। আদালত তাকে ৭ দিনের রিমান্ডে পাঠায়।
রিমান্ড শেষে শনিবার (২১ মার্চ) ফিলিপ সাংমাকে আদালতে হাজির করা হয়েছে বলে জানা গেছে।
এমআর