ইরানকে ঘিরে টানা সামরিক উত্তেজনার মধ্যে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা ও বোমাবর্ষণ আপাতত স্থগিত রাখা হবে।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র যে পরবর্তী সামরিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তা দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। তবে এই বিরতি কোনো নিঃশর্ত নয়। তিনি স্পষ্ট করে দেন, হরমুজ প্রণালি অবিলম্বে, সম্পূর্ণভাবে এবং নিরাপদভাবে খুলে দেওয়ার ওপরই এই যুদ্ধবিরতি নির্ভর করছে।
তার ভাষায়, হরমুজ প্রণালিতে স্বাভাবিক জাহাজ চলাচল নিশ্চিত না হলে এই সিদ্ধান্ত কার্যকর থাকবে না।
মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ইরানকে ঘিরে নির্ধারিত সামরিক লক্ষ্য অর্জন করেছে, এমনকি কিছু ক্ষেত্রে তা অতিক্রমও করেছে। একই সঙ্গে তিনি জানান, ইরানের পক্ষ থেকে একটি ১০ দফা প্রস্তাব পাওয়া গেছে, যা সম্ভাব্য আলোচনার ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এই দুই সপ্তাহের মধ্যে উভয় পক্ষের মধ্যে একটি কার্যকর ও চূড়ান্ত সমঝোতার পথ তৈরি হতে পারে।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ যুদ্ধবিরতির এই উদ্যোগকে সমর্থন জানিয়ে কূটনৈতিক প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রকে আরও সময় দেওয়ার অনুরোধ করেছিলেন বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই ঘোষণা ইঙ্গিত দেয় যে, যুক্তরাষ্ট্র আপাতত পূর্ণমাত্রার যুদ্ধের বদলে কৌশলগত বিরতি নিয়ে কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে চাইছে। তবে এই যুদ্ধবিরতি কতটা টেকসই হবে, তা নির্ভর করবে ইরানের অবস্থান, হরমুজ প্রণালি খোলার বাস্তবতা এবং উভয় পক্ষের রাজনৈতিক সদিচ্ছার ওপর।