আন্তর্জাতিক

যেকোনো সময় ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে: নেতানিয়াহু

detaillogo
ডেস্ক নিউজ
১৩ এপ্রিল ২০২৬, ১৪:২৪
PostImage

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি যেকোনো সময় ভেঙে যেতে পারে বলে সতর্ক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।


ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি যেকোনো সময় ভেঙে যেতে পারে বলে সতর্ক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার (১৩ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে তিনি এ মন্তব্য করেন।


বৈঠকে নেতানিয়াহু বলেন, ইরানের বন্দরের ওপর যুক্তরাষ্ট্র যে অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে, তাতে ইসরায়েল পূর্ণ সমর্থন জানায়। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি।


তিনি জানান, গত শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে আলোচনার পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তাকে বিষয়টি অবহিত করেন।
নেতানিয়াহুর ভাষ্য অনুযায়ী, আলোচনার শর্ত ছিল—যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা বন্ধ করবে এবং ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। তবে ইরান সেই শর্ত মানেনি বলে দাবি করেন তিনি। তার মতে, হরমুজ প্রণালি বন্ধ রাখা চুক্তি ভঙ্গের শামিল, যা যুক্তরাষ্ট্রের কাছেও গ্রহণযোগ্য নয়।
এছাড়া বৈঠকে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে। নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্রের দাবি ছিল—সমৃদ্ধ ইউরেনিয়াম ইরান থেকে সরিয়ে নিতে হবে এবং দীর্ঘ সময়ের জন্য দেশটিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে বিরত থাকতে হবে।


তিনি আরও বলেন, এ বিষয়টি ইসরায়েলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আঞ্চলিক নিরাপত্তার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট।