যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অব্যাহত থাকলে পারস্য উপসাগর, ওমান সাগর ও লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর সমন্বয়কারী সংস্থা ‘খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স’-এর কমান্ডার আলী আবদুল্লাহি বুধবার (১৫ এপ্রিল) এ হুঁশিয়ারি দেন।
বিবিসি-এর প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্র যদি নৌ-অবরোধ বজায় রেখে ইরানের বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকারের চলাচল বাধাগ্রস্ত করে, তবে তা যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।আলী আবদুল্লাহি বলেন, এমন পরিস্থিতি চলতে থাকলে ইরানের সেনাবাহিনী গুরুত্বপূর্ণ এই জলপথগুলোতে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করে দিতে পারে। তিনি কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ না করলেও পারস্য উপসাগর, ওমান সাগর ও লোহিত সাগর—এই তিনটি অঞ্চল বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় বিষয়টি আন্তর্জাতিকভাবে উদ্বেগ তৈরি করেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার থেকে ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ শুরু হয়েছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, প্রথম ২৪ ঘণ্টায় কোনো জাহাজ এই অবরোধ অতিক্রম করতে পারেনি এবং ওমান সাগরে কয়েকটি বাণিজ্যিক জাহাজকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প-এর নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র এবং ইরান ও ইসরায়েলের মধ্যে প্রায় ছয় সপ্তাহের সংঘাতের পর ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। তবে প্রথম দফার আলোচনা ব্যর্থ হওয়ার পর পরিস্থিতি আবারও অনিশ্চয়তার দিকে যাচ্ছে।
মার্কিন পক্ষ জানিয়েছে, খুব শিগগিরই নতুন করে আলোচনা শুরু হতে পারে। যদিও ইরানের পক্ষ থেকে এখনো এ বিষয়ে নিশ্চিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।