আন্তর্জাতিক

ভিজিট ভিসায় হজ বন্ধ করল সৌদি সরকার

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৯ এপ্রিল ২০২৬, ১৫:১৩
PostImage

হজ মৌসুম সামনে রেখে কঠোর বিধিনিষেধ জারি করেছে সৌদি সরকার।


হজ মৌসুম সামনে রেখে কঠোর বিধিনিষেধ জারি করেছে সৌদি সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কোনো ধরনের ভিজিট ভিসা দিয়ে হজ পালন করা যাবে না। শুধুমাত্র বৈধ হজ অনুমতিপত্রধারীরাই মক্কা ও আশপাশের পবিত্র স্থানগুলোতে প্রবেশ করতে পারবেন।


গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, জিলকদ মাসের শুরু থেকে জিলহজের ১৪ তারিখ পর্যন্ত অনুমতি ছাড়া মক্কায় প্রবেশ বা অবস্থান করলে তা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভিজিট ভিসাধারীরা হজ পালনের চেষ্টা করলে বা মক্কায় প্রবেশের চেষ্টা করলে সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে। এছাড়া কোনো প্রবাসী বা অবৈধভাবে অবস্থানকারী ব্যক্তি অনুমতি ছাড়া হজ করলে তাকে নিজ দেশে পাঠানো হবে এবং ১০ বছরের জন্য সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হবে।


২০২৬ সালের ১৮ এপ্রিল ছিল উমরাহ যাত্রীদের সৌদি আরব ত্যাগের শেষ দিন। এর পরেও কেউ অবস্থান করলে তা আইন ভঙ্গ হিসেবে গণ্য হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কোম্পানি বা সেবা প্রদানকারীরা বিষয়টি জানাতে ব্যর্থ হলে সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা করা হতে পারে।

এছাড়া একই সময়সীমায় উমরাহ কার্যক্রমও স্থগিত রাখা হয়েছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে শুধুমাত্র অনুমোদিত হজযাত্রীরাই মক্কায় প্রবেশের সুযোগ পাবেন।


হজকে নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে সবাইকে নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এদিকে মক্কায় ভুয়া প্রবেশ অনুমতি বিক্রির অভিযোগে এক প্রবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে এবং কোনো অনিয়ম দেখলে দ্রুত কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।