নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক গার্মেন্টস কর্মীকে ঘরে ঢুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ফিরুজ প্রধান নামে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গত শনিবার রাতে তারাবো পৌরসভার মৈকুলী এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও তার পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই নারীকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন ফিরুজ প্রধান। প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে ও তার স্বামীকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, ঘটনার রাতে স্বামী বাসায় না থাকার সুযোগে অভিযুক্ত ব্যক্তি ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় বাধা দিলে তাকে মারধর করা হয়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়।
রোববার রাতে এ ঘটনায় ভুক্তভোগী রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ করার পর থেকে ভুক্তভোগী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে ফিরুজ প্রধান দাবি করেছেন, তাকে হেয় প্রতিপন্ন করতে একটি মহল মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলেছে।
এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
সারাদেশ