ব্যাংক থেকে নেওয়া এস আলম গ্রুপের বিপুল খেলাপি ঋণ নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন বিরোধী দলের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
মঙ্গলবার (২১ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি অর্থমন্ত্রীর কাছে জানতে চান, ঋণ পরিশোধ না করা এস আলম গ্রুপ-কে কীভাবে পুনর্বহালের চেষ্টা করা হচ্ছে এবং এ বিষয়ে সরকারের সঙ্গে কোনো সমঝোতা হয়েছে কি না।
তিনি বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ থেকে দেওয়া মোট ঋণের পরিমাণ ৯২ হাজার ১১৫ কোটি টাকা, যার মধ্যে এস আলম গ্রুপের খেলাপি ঋণ প্রায় ৮০ হাজার কোটি টাকা। এছাড়া বেক্সিমকো গ্রুপ জনতা ব্যাংক থেকে নেওয়া প্রায় ২৫ হাজার কোটি টাকার ঋণ খেলাপি রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ জানতে চান, চলতি অর্থবছরে এই বড় অঙ্কের ঋণ পুনরুদ্ধারে সরকারের কোনো বিশেষ পরিকল্পনা আছে কি না।জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির রাজনীতি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে কারও সঙ্গে কোনো সমঝোতার সুযোগ নেই।
তিনি দাবি করেন, বিএনপি সরকারে থাকাকালে আর্থিক খাতে শৃঙ্খলা, বিনিয়োগ কৌশল ও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে কখনো প্রশ্ন ওঠেনি। অর্থমন্ত্রী আরও বলেন, “নিশ্চিত থাকুন, বিএনপির অর্থনৈতিক পরিকল্পনায় কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই।”