ইরান যদি চলমান যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা করতে চায়, তবে তারা সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ-এর ‘দ্য সানডে ব্রিফিং’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তেহরানকে এই প্রস্তাব দেন। ট্রাম্প বলেন, “তারা যদি কথা বলতে চায়, তবে আমাদের কাছে আসতে পারে অথবা সরাসরি ফোন করতে পারে। আমাদের অত্যন্ত নিরাপদ ও উন্নত যোগাযোগ ব্যবস্থা রয়েছে।”
তিনি আরও জানান, আলোচনার পথ সবসময় খোলা রয়েছে এবং ইরান চাইলে যেকোনো সময় যোগাযোগ স্থাপন করতে পারে। একই সঙ্গে ট্রাম্প ইরান-সম্পর্কিত যুদ্ধ পরিস্থিতি নিয়ে আশাবাদ প্রকাশ করে বলেন, এই সংঘাত খুব শিগগিরই শেষ হতে চলেছে এবং শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই বিজয়ী হবে বলে তিনি বিশ্বাস করেন।
ট্রাম্পের এমন মন্তব্যের সময়েই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি আঞ্চলিক দেশগুলোর সঙ্গে যুদ্ধ বন্ধের রূপরেখা নিয়ে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন। ট্রাম্পের আলোচনার আহ্বান এবং বিজয়ের দাবি—উভয় বিষয়ই বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।