আন্তর্জাতিক

ইরানের ৩ ধাপের প্রস্তাব, যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ

detaillogo
ডেস্ক নিউজ
২৭ এপ্রিল ২০২৬, ০৬:০৫
PostImage

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির অবসানে তিন স্তরের একটি নতুন প্রস্তাব দিয়েছে ইরান।


যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির অবসানে তিন স্তরের একটি নতুন প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াশিংটন যদি তেহরানের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে বসতে চায়, তাহলে এই নতুন প্রস্তাবের ভিত্তিতেই আলোচনা এগোতে পারে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে। 

ইরানের প্রস্তাব অনুযায়ী, প্রথম পর্যায়ে সম্পূর্ণ যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে ইরান ও লেবাননের বিরুদ্ধে আর কোনো আগ্রাসী হামলা চালানো হবে না— এ নিশ্চয়তা দিতে হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে।

দ্বিতীয় পর্যায়ে, প্রথম ধাপের শর্ত পূরণ হলে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালির ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাঠামো নিয়ে আলোচনা শুরু হবে।

তৃতীয় পর্যায়ে, প্রথম দুই ধাপে সংশ্লিষ্ট সব পক্ষ সমঝোতায় পৌঁছালে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে।

ইরানের এই নতুন প্রস্তাব নিয়ে মার্কিন প্রশাসনের প্রতিক্রিয়া জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়ালেস বলেন, এটি অত্যন্ত সংবেদনশীল কূটনৈতিক আলোচনার বিষয়, তাই সংবাদমাধ্যমে এ নিয়ে মন্তব্য করা হবে না। তবে যুক্তরাষ্ট্র কেবল এমন কোনো চুক্তিতে সম্মত হবে, যা মার্কিন জনগণের স্বার্থ রক্ষা করবে এবং ইরানকে কখনও পরমাণু অস্ত্র অর্জনের সুযোগ দেবে না।

উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে স্থায়ী সমঝোতার লক্ষ্যে গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ২১ ঘণ্টা আলোচনা চললেও কোনো চুক্তি ছাড়াই বৈঠক শেষ হয়।

এরপর পাকিস্তানসহ বিভিন্ন দেশ দুই পক্ষকে আবারও সংলাপে বসার আহ্বান জানায়। তবে ইরান সরাসরি দ্বিতীয় দফা আলোচনায় অনীহা দেখালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এখন থেকে ফোনে আলোচনা হতে পারে।

এই বক্তব্যের পরই ইরান তাদের নতুন তিন স্তরের প্রস্তাব সামনে আনল।