যুদ্ধের স্থায়ী সমাধানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার একটি শান্তি পরিকল্পনা দিয়েছে ইরান। দেশটির দাবি, সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং দীর্ঘমেয়াদি সমাধানই তাদের প্রধান লক্ষ্য।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানায়, এর আগে যুক্তরাষ্ট্র ইরানকে ৯ দফার একটি প্রস্তাব দিয়েছিল। এর জবাব হিসেবে তেহরান নতুন এই পরিকল্পনা উপস্থাপন করেছে। পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক এই প্রক্রিয়া এগিয়ে চলছে।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি এক বৈঠকে বলেন, যুদ্ধের স্থায়ী অবসান নিশ্চিত করতেই এই পরিকল্পনা দেওয়া হয়েছে। এখন যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধানের পথে এগোবে নাকি সংঘাত চালিয়ে যাবে, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে।
প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, ভবিষ্যতে কোনো ধরনের সামরিক আগ্রাসন না চালানোর নিশ্চয়তা দিতে হবে। পাশাপাশি ইরানের সীমান্তবর্তী এলাকা থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার, নৌ-অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদ ফেরত দেওয়ার শর্ত রাখা হয়েছে।
এছাড়া লেবাননসহ বিভিন্ন রণাঙ্গনে চলমান সংঘাত বন্ধের বিষয়টিও পরিকল্পনায় অন্তর্ভুক্ত রয়েছে। বিশ্লেষকদের মতে, এই প্রস্তাব গ্রহণযোগ্য হলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এমআর