সারাদেশ

নারায়ণগঞ্জে ডিবির অভিযানে ৩ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৩ মে ২০২৬, ১৪:২৭
PostImage

নারায়ণগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।


নারায়ণগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সার্বিক দিকনির্দেশনায় ডিবির “খ” জোনের ইনচার্জ সাজ্জাদ করিম খানের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। ০২ মে ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার আওতাধীন মজুমদার টিম্বার ফার্নিচার অ্যান্ড ডোরের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে সন্দেহভাজন এক ব্যক্তিকে থামিয়ে তল্লাশি চালালে তার হেফাজতে থাকা একটি প্লাস্টিকের বস্তা থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ নাহিদ মিয়া (২৫)। তিনি নড়াইল জেলার বাসিন্দা। তার পিতার নাম মৃত ফরিদ মিয়া এবং মাতা চম্পা বেগম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাহিদ মিয়া স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় ইয়াবা সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।

ডিবি পুলিশের কর্মকর্তারা জানান, নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকায় মাদকের বিস্তার রোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তারা উল্লেখ করেন।

এ ধরনের অভিযান অব্যাহত থাকলে মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।