জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ বলেছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির আড়ালে আবারও ‘দালালির রাজনীতি’ ফিরে এসেছে। মঙ্গলবার (৫ মে) বিকেলে রাজধানীতে এনসিপি কার্যালয়ে নেতাকর্মীদের যোগদান অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
হান্নান মাসউদ অভিযোগ করেন, নির্বাচনের আগে অনেক ‘মিষ্টি কথা’ বলা হলেও বাস্তবে সেই প্রতিশ্রুতির প্রতিফলন নেই। তিনি ইঙ্গিত করে বলেন, একটি দল আবার দেশের শাসনব্যবস্থাকে ভারত ও পশ্চিমা মডেলে গড়ে তুলতে চায়, যা জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান শুধুমাত্র কোনো ব্যক্তি বা সরকারের পতনের জন্য ছিল না, বরং এটি ছিল বৃহত্তর পরিবর্তন ও সংস্কারের দাবি থেকে উৎসারিত। অতীতের ’৯০, ’৯৬ কিংবা ২০০৭-০৮ সালের আন্দোলনের সঙ্গে এর পার্থক্য তুলে ধরে তিনি বলেন, এবার মানুষের মূল দাবি ছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও কাঠামোগত সংস্কার। সংস্কার প্রসঙ্গে তিনি আরও বলেন, দেশের সর্বত্র মানুষ পরিবর্তন ও নতুন ব্যবস্থার দাবি জানিয়েছিল। কিন্তু কিছু রাজনৈতিক শক্তি এটিকে কেবল ক্ষমতায় যাওয়ার আন্দোলন হিসেবে দেখছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
জুলাই সনদ নিয়ে তিনি বলেন, নির্বাচনের আগে বিভিন্ন দল এটি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও এখন তা থেকে সরে আসার প্রবণতা দেখা যাচ্ছে। গণভোটে দেওয়া প্রতিশ্রুতি অস্বীকার করা হলে জনগণ তা মেনে নেবে না বলেও সতর্ক করেন তিনি।