দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের একটি অনানুষ্ঠানিক বসতিতে বন্দুকধারীদের অতর্কিত হামলায় অন্তত ১২ জন নিহত এবং আরও ৯ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১০ জুন) গভীর রাতে শহরের ক্লিভল্যান্ড এলাকার ‘জাম্পার্স ইনফরমাল সেটেলমেন্ট’-এ এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটের দিকে ভারী অস্ত্রে সজ্জিত অন্তত ১০ জন হামলাকারী একটি সাদা রঙের Toyota Quantum গাড়িতে করে ঘটনাস্থলে আসে। এরপর তারা দুই দিক থেকে বসতিটিতে প্রবেশ করে সাধারণ মানুষের ওপর এলোপাতাড়ি গুলি চালায়।
হামলায় ঘটনাস্থলেই ৮ জন পুরুষ ও ৩ জন নারী নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহত ৯ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই পুরো এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে দক্ষিণ আফ্রিকার পুলিশ। তবে এখন পর্যন্ত হামলার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
পুলিশ এ ঘটনাকে ‘বর্বর’ ও ‘হৃদয়হীন’ হামলা হিসেবে বর্ণনা করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবৈধ খনি শ্রমিকদের মধ্যে আধিপত্য বিস্তার বা দলীয় বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।ঘটনাস্থল পরিদর্শন শেষে জোহানেসবার্গের প্রাদেশিক পুলিশ কমিশনার টমি মথোমবেনি জানান, হামলার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। বসতিটি একটি অবৈধ খনি এলাকার পাশে হওয়ায় অবৈধ খনির সঙ্গে ঘটনার যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে।
দক্ষিণ আফ্রিকায় সাম্প্রতিক বছরগুলোতে অবৈধ সোনার খনির ব্যবসা ব্যাপকভাবে বেড়েছে। পরিত্যক্ত খনি দখল করে সোনা উত্তোলন ও কালোবাজারে বিক্রিকে কেন্দ্র করে বিভিন্ন অপরাধী চক্রের মধ্যে প্রায়ই সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চলতি বছরের শুরুতে দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা কয়েকটি এলাকায় অবৈধ খনির কার্যক্রম বন্ধে সেনাবাহিনী মোতায়েন করেছিলেন। তবে দেশটিতে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ছড়িয়ে থাকায় সহিংসতা এখনও বড় উদ্বেগের কারণ হয়ে রয়েছে।