সারাদেশ

সীমান্তে শূন্যরেখায় আটকে ৯ জন, ২৪ ঘণ্টা পেরিয়েও মেলেনি সমাধান

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৫ জুন ২০২৬, ০৮:৫৮
PostImage

নারী ও শিশুসহ ৯ জন এখনও দুই দেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।


কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইনের চেষ্টার শিকার নারী ও শিশুসহ ৯ জন এখনও দুই দেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও তাদের ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, ফলে অনিশ্চয়তা আরও বেড়েছে।


সোমবার (১৫ জুন) দুপুর পর্যন্ত এ বিষয়ে কোনো সমাধানের খবর পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। জানা গেছে, রোববার সকালে রৌমারীর গয়টাপাড়া ও ভেন্দুরচর সীমান্ত দিয়ে ওই ৯ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। বিষয়টি জানতে পেরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিকভাবে বাধা দিলে তারা সীমান্তের শূন্যরেখার কাছে অবস্থান নেয়।

পরে একই দিন দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে দীর্ঘ আলোচনা হলেও কোনো সমাধান হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় ও নাগরিকত্ব যাচাই নিয়ে উভয় পক্ষের মধ্যে মতভেদ থাকায় বিষয়টি নিষ্পত্তি হয়নি।


বিজিবি সূত্রে জানা গেছে, বর্তমানে ওই ৯ জন ভারতের অভ্যন্তরে কাঁটাতারের কাছাকাছি অবস্থান করছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফ উভয়েই নজরদারি জোরদার করেছে। সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা জানান, নারী ও শিশুদের দীর্ঘ সময় খোলা আকাশের নিচে অবস্থান করতে দেখে তারা উদ্বিগ্ন। মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত বিষয়টির সমাধান হওয়া প্রয়োজন বলে মনে করছেন তারা। 


এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক হাসানুর রহমান বলেন, রোববার কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। বিষয়টি নিয়ে সীমান্ত ও কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে। যাচাই-বাছাই ও আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

এদিকে সীমান্তে আটকে থাকা ৯ জনের ভাগ্যে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত আসে, সেদিকে নজর রাখছেন স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মানবিক বিবেচনায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আরও পড়ুন