জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের মতো বর্তমান সরকারও দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে।
শুক্রবার নারায়ণগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগর শাখা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, চাঁদাবাজি, দুর্নীতি, দখলদারিত্ব এবং জনগণের সম্পদ লুটপাট কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অতীতে যারা ব্যাংক লুট, দখলদারিত্ব ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, শুধু তাদের হাতবদল হয়েছে, কিন্তু সমস্যার সমাধান হয়নি। এসব কর্মকাণ্ডের জবাব জনগণ যথাসময়ে দেবে।
তিনি নারায়ণগঞ্জকে চাঁদাবাজ ও অসৎ নেতৃত্বমুক্ত, শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন এবং মর্যাদাশীল নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। এ লক্ষ্যে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। জামায়াত আমির বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় সরকার পরিচালিত হওয়া উচিত। এজন্য অনির্বাচিত প্রশাসকদের অপসারণ করে দ্রুত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি।
গণভোট ও জনগণের মতামতের গুরুত্ব তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের রায়কে সম্মান করতে হবে। জনগণের মতামতকে উপেক্ষা করা হলে সেই জনগণই হিমালয়ের মতো দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের আন্দোলনের কারণেই ২০২৬ সালে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই আন্দোলনে আহত ও নিহতদের প্রতি অবহেলা করা হলে তা জাতির সঙ্গে প্রতারণার শামিল হবে।
সম্মেলনে জামায়াতে ইসলামীর স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।