যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী কোনো জাহাজ থেকে ইরান কোনো ধরনের টোল বা মাশুল আদায় করছে না বলে ওয়াশিংটনকে আশ্বস্ত করেছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ইরানের দেওয়া এই তথ্য মিথ্যা প্রমাণিত হলে দেশটির সঙ্গে চলমান সব ধরনের আলোচনা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হবে।
ট্রাম্প তার পোস্টে লিখেছেন, হরমুজ প্রণালি অতিক্রমকারী কোনো জাহাজ থেকে ইরান কোনো ধরনের টোল, বিমা ব্যয় বা অন্য কোনো চার্জ দাবি করছে না এবং গ্রহণও করছে না। ইরানের সঙ্গে আর্থিক লেনদেনের বিষয়টি অস্বীকার করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে কোনো অর্থ দেয়নি এবং তাদের জন্য কোনো অর্থ অবমুক্তও করা হয়নি।
তবে তিনি জানান, যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা ইরানের অবরুদ্ধ তহবিলের একটি অংশ মার্কিন কৃষক ও খামারিদের স্বার্থে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। ওই অর্থ দিয়ে যুক্তরাষ্ট্রের কৃষকদের কাছ থেকে ভুট্টা, গম ও সয়াবিনসহ বিভিন্ন খাদ্যশস্য কেনা হবে। ট্রাম্প আরও দাবি করেন, ইরানে বর্তমানে খাদ্যের চাহিদা ও সংকট রয়েছে। তাই অবরুদ্ধ অর্থ ব্যবহার করে খাদ্যসামগ্রী কেনা হবে এবং সেই ক্রয় একচেটিয়াভাবে যুক্তরাষ্ট্র থেকেই সম্পন্ন করা হবে।
তিনি বলেন, ইরানের জনগণের খাদ্যসংকট মোকাবিলায় এই অর্থ ব্যবহার করা হবে এবং এতে মার্কিন কৃষকরাও উপকৃত হবেন।
সূত্র: আল জাজিরা।