প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত। আগামী ২৮ জুন থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটের ভারতীয় ভিসা আবেদনকেন্দ্র (আইভ্যাক) থেকে পর্যটন ভিসার আবেদন গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার ঢাকার আইভ্যাক পরিদর্শন শেষে বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এ ঘোষণা দেন। তিনি জানান, মেডিকেল ভিসা কার্যক্রম আগের মতোই চলবে এবং ভবিষ্যতে এর পরিধি আরও বাড়ানো হবে। সম্প্রতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
ভারতীয় হাইকমিশন জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট ধানমন্ডির গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র ও দেশের বিভিন্ন শহরের আইভ্যাক কেন্দ্রে হামলা এবং নিরাপত্তাজনিত কারণে ভিসা কার্যক্রম সীমিত করা হয়েছিল। তবে চিকিৎসাসহ জরুরি প্রয়োজনে ভিসা কার্যক্রম চালু রাখা হয়। বর্তমানে ভারত প্রতিদিন ট্যুরিস্ট ভিসা ছাড়া অন্যান্য ক্যাটাগরিতে দেড় হাজারের বেশি ভিসা ইস্যু করছে বলে জানিয়েছে দেশটির হাইকমিশন।