ইতালির রাজধানী রোমে নিজ বাসায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নারী ও শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের আরও এক সদস্য। নিহতদের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় রাতে রোমের পাশ্ববর্তী ক্যাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল (৪০), তার স্ত্রী আরজু বেগম (৩৮) এবং তাদের পাঁচ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা। আহত হয়েছেন তাদের ২০ বছর বয়সী ছেলে আমির হোসেন অয়ন। তাকে উদ্ধার করে স্থানীয় জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত বাবুলের ভাতিজা আফনান হোসেন নাইম ইতালিপ্রবাসীদের বরাত দিয়ে জানান, স্থানীয় সময় রাত আনুমানিক ৮টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বাবুলের বাসায় প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।
ঘটনার সময় বাসার বাইরে থাকা ছেলে আমির হোসেন অয়ন বাড়ি ফিরে ভেতরে প্রবেশের চেষ্টা করলে হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় তাকেও ছুরিকাঘাত করে।
অয়নের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম এবং শিশু কন্যা আরোয়া ইসলাম আরিশাকে মৃত ঘোষণা করেন। আহত অয়ন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিহতদের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের শনাক্তে ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে।
আন্তর্জাতিক