সৌদি আরবে কর্মরত প্রবাসীদের মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট (কাজের অনুমতিপত্র) নবায়ন বা কর্মী স্থানান্তরের জন্য নিয়োগকর্তাদের হাতে আর মাত্র দুই দিন সময় রয়েছে। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনস্থ ‘কিওয়া’ (Qiwa) প্ল্যাটফর্ম জানিয়েছে, মঙ্গলবার (৩০ জুন) এ সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করার শেষ দিন।
কিওয়া প্ল্যাটফর্মের নিয়ম অনুযায়ী, ১ জুলাই থেকে যেসব কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ তিন মাসের বেশি সময় আগে শেষ হয়েছে, তাদের নাম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রেকর্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে অপসারণের প্রক্রিয়া শুরু হবে।
প্ল্যাটফর্ম জানিয়েছে, ওয়ার্ক পারমিটের মেয়াদ তিন মাসের বেশি অতিক্রম করলে সংশ্লিষ্ট কর্মীকে প্রতিষ্ঠানের তালিকা থেকে বাদ দেওয়া হবে। তবে বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কর্মরত থাকার সময়ের জন্য বকেয়া ফি ও আর্থিক জরিমানার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকেই বহন করতে হবে। আইনি জটিলতা ও অতিরিক্ত আর্থিক ক্ষতি এড়াতে নিয়োগকর্তাদের দ্রুত ওয়ার্ক পারমিট নবায়ন অথবা কর্মী স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে কিওয়া।
তবে একটি ব্যতিক্রমী নিয়মের কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। যদি কোনো কর্মীর রেসিডেন্সি পারমিট (ইকামা) ও ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার তারিখ ভিন্ন হয় এবং ইকামার মেয়াদ কমপক্ষে ১৮০ দিন অবশিষ্ট থাকে, তাহলে ওয়ার্ক পারমিট নবায়ন না হলেও ওই কর্মীর নাম প্রতিষ্ঠানের রেকর্ড থেকে মুছে ফেলা হবে না।
অন্যদিকে, ইকামার অবশিষ্ট মেয়াদ ১৮০ দিনের কম হলে আইনি জটিলতা এড়াতে নিয়োগকর্তাকে দ্রুত ইকামা ও ওয়ার্ক পারমিট—উভয়ই নবায়নের ব্যবস্থা করতে হবে। কিওয়া কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বড় অঙ্কের জরিমানা ও আইনি ব্যবস্থা এড়াতে নিয়োগকর্তাদের বকেয়া ওয়ার্ক পারমিট ফি পরিশোধের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন অথবা বৈধভাবে চাকরি স্থানান্তরের মাধ্যমে তাদের কর্মসংস্থানের অবস্থা নিয়মিত করতে হবে।
আন্তর্জাতিক