দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ট্যুরিস্ট (পর্যটন) ভিসা চালু করেছে ভারত। এ ঘোষণা প্রকাশের পর থেকেই দেশের বিভিন্ন ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে আবেদনকারীদের ব্যাপক ভিড় দেখা যাচ্ছে।
গত ২৮ জুন ভিসা সেবা পুনরায় চালু হওয়ার পর মাত্র ২৪ ঘণ্টায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে ১ লাখ ৪০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। বিপুল এ সাড়ার পরিপ্রেক্ষিতে আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। শুক্রবার (৩ জুলাই) এক বার্তায় হাইকমিশন জানায়, বিভিন্ন উদ্দেশ্যে ভারত ভ্রমণে আগ্রহী বাংলাদেশিদের কাছ থেকে পাওয়া ব্যাপক সাড়ায় তারা উৎসাহিত।
বার্তায় বলা হয়, ভিসা পরিষেবা আরও সম্প্রসারণ এবং আবেদন প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক করতে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে বিপুল সংখ্যক আবেদন নিষ্পত্তির জন্য আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করা হয়েছে। ভারতীয় হাইকমিশন আরও জানায়, বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ, বন্ধুত্ব ও সহযোগিতা আরও জোরদার করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ককে আরও গভীর করতে ভিসা সেবা উন্নয়নে কাজ অব্যাহত থাকবে।