যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার সম্ভাব্য ষড়যন্ত্রের বিষয়ে নতুন গোয়েন্দা তথ্য ওয়াশিংটনকে দিয়েছে ইসরায়েল। এ তথ্য প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন–এর এক প্রতিবেদনে ট্রাম্প প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে বিভিন্ন গোয়েন্দা তথ্য আগে থেকেই পর্যবেক্ষণ করা হচ্ছিল। তবে ইসরায়েলের সাম্প্রতিক সতর্কবার্তায় একটি নির্দিষ্ট ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া গেছে।
অন্যদিকে ওয়াল স্ট্রিট জার্নালও জানিয়েছে, ইসরায়েলের দেওয়া গোয়েন্দা তথ্যে ট্রাম্পকে লক্ষ্য করে নতুন একটি সম্ভাব্য হামলার পরিকল্পনার আভাস রয়েছে। বিষয়টি আলোচনায় আসে বৃহস্পতিবার (১০ জুলাই), যখন তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো সম্মেলন শেষে প্রেসিডেন্ট ট্রাম্প নতুন সরকারি উড়োজাহাজের পরিবর্তে পুরোনো উড়োজাহাজে যুক্তরাষ্ট্রে ফেরেন। এরপরই মার্কিন গণমাধ্যমে নিরাপত্তা-সংক্রান্ত এই গোয়েন্দা তথ্য প্রকাশ পায়।
এ বিষয়ে মন্তব্য জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা হলে একজন কর্মকর্তা সরাসরি কিছু না বলে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের দিকে দৃষ্টি আকর্ষণ করেন। ন্যাটো সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “তারা (ইরান) যুক্তরাষ্ট্রের নেতা হিসেবে আমাকে হত্যা করতে চায়। আমি তাদের হিটলিস্টে আছি। আজ সকালে সেই তালিকাটি দেখেছি এবং সেখানে সবার ওপরে আমার নাম ছিল।”
উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারিতে ট্রাম্পের প্রথম মেয়াদে মার্কিন হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) শীর্ষ কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। এরপর থেকেই ইরান ওই ঘটনার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে আসছে।
তবে ইসরায়েলের দেওয়া গোয়েন্দা তথ্য বা ট্রাম্পকে হত্যার কথিত ষড়যন্ত্রের বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।