আন্তর্জাতিক

আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৩ শতাংশের বেশি বৃদ্ধি

detaillogo
ডেস্ক নিউজ
১৩ জুলাই ২০২৬, ০৬:০৫
PostImage

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে।


যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার জেরে মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন ব্যাহত হওয়ার আশঙ্কায় সোমবার (১৩ জুলাই) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৩৪ ডলার বা ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে ৭৮ দশমিক ৩৫ ডলারে পৌঁছেছে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ২১ ডলার বা ৩ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৩ দশমিক ৬২ ডলারে দাঁড়িয়েছে।


যুক্তরাষ্ট্রের নতুন হামলার জবাবে ইরান কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও হামলার পরিধি বাড়িয়েছে। হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উভয় পক্ষের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। তবে এর আগে ইরান জানিয়েছিল, অনুমোদনহীন পথে চলাচলকারী একটি জাহাজে হামলার পর তারা প্রণালিটি বন্ধ করে দিয়েছে।


জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ক্লেপলার-এর তথ্য অনুযায়ী, রোববার হরমুজ প্রণালি দিয়ে মাত্র ছয়টি জাহাজ চলাচল করেছে, যা গত পাঁচ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। এদিকে, সাম্প্রতিক সংঘাতের কারণে গত মাসে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র-ইরানের অন্তর্বর্তী চুক্তির ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ওই চুক্তির মূল লক্ষ্য ছিল হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা এবং ৬০ দিনের আলোচনার মাধ্যমে সংঘাতের অবসান ঘটানো।


আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) শুক্রবার প্রকাশিত মাসিক প্রতিবেদনে জানিয়েছে, ওই চুক্তির পর জুন মাসে বিশ্বে দৈনিক তেল সরবরাহ ৪১ লাখ ব্যারেল বেড়েছে। তবে তা এখনো যুদ্ধ শুরুর আগের তুলনায় দৈনিক ৯৪ লাখ ব্যারেল কম রয়েছে। অন্যদিকে, এএনজেড ব্যাংক-এর বিশ্লেষকদের মতে, নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা এখন অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে।