আন্তর্জাতিক

ইরানের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন বিমান হামলা

detaillogo
ডেস্ক নিউজ
১৪ জুলাই ২০২৬, ১৫:২৭
PostImage

চলমান তীব্র সংঘাতের মধ্যে ইরানের পশ্চিমাঞ্চলে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।


চলমান তীব্র সংঘাতের মধ্যে ইরানের পশ্চিমাঞ্চলে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরাক ও কুয়েত সীমান্তসংলগ্ন খোজস্থান প্রদেশের কৌশলগত গুরুত্বপূর্ণ দুটি শহরকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) খোজস্থান প্রদেশের ডেপুটি গভর্নর ভালিওল্লাহ হায়াতির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা ইরনা এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদন অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তু ছিল বন্দরনগরী মাহশহর এবং ঐতিহাসিক আবাদান শহর। আবাদানে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রাচীন তেল শোধনাগার অবস্থিত, যা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের ফার্স নিউজ এজেন্সি জানায়, স্থানীয় সময় দুপুর ১টা ২৫ মিনিটে প্রথম হামলা চালানো হয় আবাদান শহরে। এর পাঁচ মিনিট পর, দুপুর ১টা ৩০ মিনিটে (গ্রিনিচ মান সময় সকাল ১০টা) দ্বিতীয় দফার হামলা হয় মাহশহর নগরীতে।


সীমান্ত এলাকায় ইরান ও যুক্তরাষ্ট্র-সমর্থিত বাহিনীগুলোর মধ্যে চলমান উত্তেজনা ও সংঘাতের মধ্যেই এই নতুন বিমান হামলার ঘটনা ঘটেছে। তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। এ ঘটনায় অঞ্চলজুড়ে নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।