আন্তর্জাতিক

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ককরোচ জনতা পার্টির

detaillogo
ডেস্ক নিউজ
২০ জুলাই ২০২৬, ১৪:২৮
PostImage

দলটির প্রধান মুখপাত্র সৌরভ দাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন।


ভারতের ককরোচ জনতা পার্টি (সিজেপি) দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। সোমবার (২০ জুলাই) দলটির প্রধান মুখপাত্র সৌরভ দাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন। বিষয়টি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এক্সে দেওয়া পোস্টে সৌরভ দাস জানান, তিনি দুপুর ১২টা থেকে ভারতের স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার বাসভবনে অবস্থান করছেন। সেখানে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ বা বরখাস্তসহ সংগঠনের বিভিন্ন দাবি তুলে ধরা হয়েছে। তিনি বলেন, মন্ত্রী বিষয়টি যথাযথ পর্যায়ে আলোচনার আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট প্রতিশ্রুতি পাওয়া যায়নি। তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনকারীরা ঘরে ফিরবেন না।

এর আগে পূর্বঘোষিত পার্লামেন্ট অভিমুখে পদযাত্রা কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। সোমবার সকালে নয়াদিল্লির জন্তর মন্তর এলাকা থেকে পদযাত্রা শুরু হওয়ার কিছুক্ষণ পরই পুলিশ অভিযান চালায়। ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, এ সময় পুলিশ লাঠিচার্জও করে।

ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (এনআইআইটি/নিট)-এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ৬ জুন থেকে আন্দোলন করছে ফেসবুকভিত্তিক সংগঠন ককরোচ জনতা পার্টি। এ আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গত ২৮ জুন থেকে অনশন শুরু করেন ভারতের পরিবেশ ও জলবায়ু আন্দোলনের কর্মী সোনাম ওয়াংচুক।

পদযাত্রার জন্য দিল্লি পুলিশের কাছে অনুমতি চাইলেও তা দেওয়া হয়নি। এরপরও অনুমতি ছাড়াই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয় ককরোচ জনতা পার্টি। তবে কর্মসূচি শুরুর পরই পুলিশের বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা।
সংগঠনটি জানিয়েছে, তাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।