নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নের মতো আইনি এখতিয়ার নিউইয়র্ক সিটি প্রশাসনের নেই। তবে এ বিষয়ে তিনি মার্কিন ফেডারেল সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় মামদানি জানান, আইসিসির পরোয়ানা কার্যকর করার বিষয়ে সিটি প্রশাসন বিদ্যমান আইন পর্যালোচনা করেছে। সেই পর্যালোচনায় দেখা গেছে, নিউইয়র্ক সিটির স্বাধীনভাবে এমন পরোয়ানা কার্যকর করার ক্ষমতা নেই। তিনি বলেন, “ফেডারেল সরকারের সেই ক্ষমতা রয়েছে। আমি তাদের আইসিসিতে যোগ দিয়ে এই পরোয়ানা বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি।”
২০২৪ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত জানিয়েছিল, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় পরিচালিত ইসরাইলি সামরিক অভিযানে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে বিশ্বাস করার যৌক্তিক কারণ রয়েছে। এ অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি।
এদিকে, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেফতার করা হবে না বলে সোমবার (২০ জুলাই) আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভিডিও বার্তায় মামদানি আরও বলেন, “চোখ, হৃদয় ও বিবেক আছে এমন যে কারও উচিত গাজায় ঘটে যাওয়া ধ্বংসযজ্ঞ অনুধাবন করা। আমার বিশ্বাস, আইসিসির অভিযুক্ত অন্য যে কারও মতো নেতানিয়াহুকেও গ্রেফতার করে তার বিরুদ্ধে অভিযোগের বিচার হওয়া উচিত।” তবে মামদানির এই অবস্থান প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহুর কার্যালয়। তারা আন্তর্জাতিক অপরাধ আদালতকে “ক্যাঙ্গারু কোর্ট” বা “প্রহসনের আদালত” বলে মন্তব্য করেছে।