বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের করা প্রত্যর্পণ অনুরোধ ভারত সরকার প্রযোজ্য আইন ও প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী খতিয়ে দেখছে। ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় উপস্থাপিত একটি সংসদীয় কমিটির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন অনুযায়ী, কংগ্রেস নেতা শশী থারুরের সভাপতিত্বে গঠিত পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের ভিত্তিতে সরকারের গৃহীত পদক্ষেপ-সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনগত কাঠামো ও প্রচলিত পদ্ধতি অনুসারে পর্যালোচনা করছে।
‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ শীর্ষক সংসদীয় কমিটির নবম প্রতিবেদনের পর্যবেক্ষণ ও সুপারিশের ওপর সরকারের গৃহীত পদক্ষেপসংক্রান্ত এই প্রতিবেদন বৃহস্পতিবার লোকসভায় উপস্থাপন করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, শেখ হাসিনার অনুপস্থিতিতে আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের পর বাংলাদেশ সরকারের প্রত্যর্পণ অনুরোধটি গুরুত্বসহকারে বিবেচনায় নেওয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টির অগ্রগতি সম্পর্কে কেন্দ্রীয় সরকারকে সংসদীয় কমিটিকে নিয়মিত অবহিত রাখার সুপারিশ করা হয়েছে।
কমিটি আরও জানিয়েছে, সরকার স্পষ্ট করেছে যে, শেখ হাসিনাকে ভারতীয় ভূখণ্ড থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য কোনো রাজনৈতিক সুযোগ দেওয়া হয়নি। ভারতের ভূখণ্ড ব্যবহার করে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ কাউকেই দেওয়া হবে না। এ ক্ষেত্রেও সেই নীতি অনুসরণ করা হয়েছে। কমিটি আরও সুপারিশ করেছে, সরকার যেন তার ‘নীতিগত ও মানবিক দৃষ্টিভঙ্গি’ অব্যাহত রাখে। একই সঙ্গে এ ধরনের পরিস্থিতি যথাযথ সংবেদনশীলতার সঙ্গে এবং ভারতের আন্তর্জাতিক দায়বদ্ধতার সঙ্গে সামঞ্জস্য রেখে মোকাবিলা করা নিশ্চিত করে।
২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তার ক্ষমতাচ্যুতির পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি ঘটে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া