ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা আপাতত বাতিল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দ্রুত একটি সমঝোতা চুক্তি সম্পন্ন হওয়ার শর্তে তিনি ইরানের ওপর সম্ভাব্য হামলার পরিকল্পনা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।
রোববার (২ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এ তথ্য জানান।
পোস্টে ট্রাম্প দাবি করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইরানের বিরুদ্ধে সবচেয়ে বড় ধরনের সামরিক শক্তি প্রয়োগের প্রস্তুতি নিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সম্ভাব্য সংঘাত এড়াতে ও একটি সমঝোতার সুযোগ তৈরি করতে ওয়াশিংটনকে হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, সম্ভাব্য চুক্তির প্রাথমিক কাঠামো নিয়ে ইতোমধ্যে সমঝোতা হয়েছে। সেই চুক্তির আওতায় হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌযান চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত রাখা হবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে বিদ্যমান নিরাপত্তা উদ্বেগেরও সমাধান করা হবে।
তিনি আরও বলেন, ‘বিশ্বের কল্যাণ এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের স্বার্থে আমি হামলা বাতিল করতে সম্মত হয়েছি, তবে শর্ত হলো দ্রুত একটি চুক্তি সম্পন্ন হতে হবে।’
ট্রাম্প আরও দাবি করেন, ইসরাইলও এই সিদ্ধান্তে তার সঙ্গে একমত হয়েছে।
পোস্টে শেষে তিনি বলেন, ‘সবাই কাজে নেমে পড়ুন এবং দ্রুত চুক্তিটি সম্পন্ন করুন। ধন্যবাদ।’
তবে ট্রাম্পের এই দাবির বিষয়ে ইরান বা ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তথ্যসূত্র: আল জাজিরা
আন্তর্জাতিক