আন্তর্জাতিক

শিরোনাম: শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যে ভারত সরকারের সম্পৃক্ততা নেই: দিল্লি

detaillogo
ডেস্ক নিউজ
০৪ আগস্ট ২০২৬, ১২:৪৮
PostImage

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।


বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত ভার্চুয়াল বক্তব্যের আয়োজন ও বক্তব্যের বিষয়বস্তুর সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে নয়াদিল্লি।


মঙ্গলবার (৪ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। রণধীর জয়সোয়াল বলেন, নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে একটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজন করা হচ্ছে। এতে ভারত সরকারের কোনো ভূমিকা বা সম্পৃক্ততা নেই।

শেখ হাসিনার পতন ঘটানো ছাত্র-জনতার অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে বুধবার (৫ আগস্ট) এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে ‘ফরেন করেসপনডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া’। ওই অনুষ্ঠানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।


এই বক্তব্যের বিষয়ে ভারত সরকারের আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট করার জন্য নয়াদিল্লিকে অনুরোধ জানায় বাংলাদেশ সরকার। বাংলাদেশের সেই বার্তার জবাবে ভারত তাদের অবস্থানের কথা পরিষ্কার করল।