ইরান-যুক্তরাষ্ট্রের ৬০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর তেহরানকে আত্মসমর্পণ করে ‘সাদা পতাকা উড়ানোর’ আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি বলেও জানিয়েছেন তিনি।
সোমবার যুদ্ধবিরতির নির্ধারিত সময় শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ট্রাম্প ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানালেও সামরিক অভিযান বা পরবর্তী পদক্ষেপের জন্য নির্দিষ্ট কোনো সময়সূচি ঘোষণা করেননি।
অন্যদিকে, যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ৬০ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনার জন্য। যুক্তরাষ্ট্র চুক্তির শর্ত ভঙ্গ করায় সেই আলোচনা কার্যত শুরুই হয়নি বলে দাবি করেন তিনি।
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার সময় কৌশলগত হরমুজ প্রণালি নিয়েও উত্তেজনা তীব্র হয়েছে। ইরান জানিয়েছে, ওমানের সঙ্গে প্রণালিটি দিয়ে জাহাজ চলাচল নিয়ে একটি সমঝোতায় পৌঁছেছে। তবে হরমুজ প্রণালিতে ইরানের অবস্থান নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়েও নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, পরিস্থিতির আরও অবনতি হলে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।