কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশির পরিচয় শনাক্ত করেছে কলকাতা পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, নিহতরা হলেন—শর্ণশিষ দত্ত, আফসানা শিম্মিন, দেবাশিস দত্ত, মো. আকরাম আলী ও আহমেদ বাবু। এর মধ্যে শর্ণশিষ দত্ত, আফসানা শিম্মিন, দেবাশিস দত্ত ও মো. আকরাম আলী কুষ্টিয়া জেলার বাসিন্দা। আর আহমেদ বাবুর ঠিকানা সাভারের আমিনবাজার।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে তিন বছরের শিশু শর্ণশিষ দত্ত ও তার বাবা দেবাশিস দত্ত কুষ্টিয়ার আরুয়াপাড়া, মোহিনী মিল এলাকার বাসিন্দা। এ ঘটনায় নিহত বাকিদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানিয়েছে কলকাতা পুলিশ।
এদিকে, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মুহাম্মদ খালেদ বুধবার বিকেলে জানান, নিহতদের মধ্যে অন্তত পাঁচজন বাংলাদেশি নাগরিকের পরিচয় শনাক্ত করে সেই তথ্য পুলিশ ও এফআরআরও সূত্রে উপদূতাবাসকে জানানো হয়েছে।
ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস বা এফআরআরও হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিভাগ ভারতে আসা বিদেশি নাগরিকদের সব ডেটা ও গতিবিধির রেকর্ড রাখে।