মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ওয়াশিংটন ও তেল আবিব পরিকল্পিতভাবে আরব দেশগুলোকে একটি বড় সংঘাতের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে।
মস্কোর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলার মাধ্যমে পারস্য উপসাগরীয় দেশগুলোকে যুদ্ধে জড়ানোর প্ররোচনা দিচ্ছে। রাশিয়া মনে করে, এই সংঘাত প্রশমিত হওয়ার পরিবর্তে আরও জটিল আকার ধারণ করছে।
"ওয়াশিংটন ও তেল আবিব ইচ্ছাকৃতভাবে ইরানকে প্ররোচিত করেছে যেন তারা প্রতিবেশী আরব দেশগুলোর ওপর প্রতিশোধমূলক হামলা চালায়। এর ফলে যে জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে, তাতে রুশ পক্ষ গভীরভাবে অনুতপ্ত।"
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে বড় ধরনের হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় তেহরানও পাল্টা আক্রমণ শুরু করেছে। বর্তমানে ইসরাইলি ভূখণ্ড এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে ইরান।
রাশিয়া স্পষ্ট জানিয়েছে, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরানোর একমাত্র পথ হলো ইরানের ওপর হামলা বন্ধ করা। তবে বর্তমান পরিস্থিতিতে শান্তি ফেরার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলে মস্কো উদ্বেগ প্রকাশ করেছে।
সূত্র: আলজাজিরা
এমআর/