স্বাস্থ্য

হামের ভয়াবহ বিস্তার, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু ও ৯৪৭ নতুন আক্রান্ত

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৩ এপ্রিল ২০২৬, ১৬:৪২
PostImage

দেশে বায়ুবাহিত রোগ হাম-এর সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে।


দেশে বায়ুবাহিত রোগ হাম-এর সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৪৭ জন।


শুক্রবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, ২ এপ্রিল সকাল ৮টা থেকে ৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ে হাসপাতালে ভর্তি সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ৯৪৭ জন, যার মধ্যে নিশ্চিত রোগী ৪২ জন। একই সময়ে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়।


এছাড়া গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ জনে। পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত ১৯ দিনে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৭৯২ জন।


স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শিশুদের মধ্যেই সংক্রমণের হার সবচেয়ে বেশি। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর ইতোমধ্যে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করেছে। পাশাপাশি আগামী রোববার থেকে দেশব্যাপী বিশেষ টিকাদান কর্মসূচি শুরুর প্রস্তুতি চলছে।


সংক্রমণ নিয়ন্ত্রণে আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া, পুষ্টিকর খাবার নিশ্চিত করা এবং সময়মতো টিকা গ্রহণের ওপর জোর দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।


এমআর//