ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন করবে হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার (১২ জুন) দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হাসপাতালটির পরিচালক মো. তারিকুল ইসলাম মুকুল।
তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তর যে সিদ্ধান্ত দিয়েছে, তা হাসপাতাল কর্তৃপক্ষ যথাযথভাবে পালন করবে। একই সঙ্গে রোগীদের কোনো ধরনের ভোগান্তি বা ক্ষতি না হয়, সে বিষয়েও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।তারিকুল ইসলাম মুকুল বলেন, সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করা হবে। জনস্বার্থ এবং রোগীদের চিকিৎসাসেবার বিষয়টি বিবেচনায় নিয়ে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে বলে তারা আশা করছেন।
তিনি আরও জানান, যে ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যু হয়েছে, সেটি ইতোমধ্যে বন্ধ রাখা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে ওই ওয়ার্ডের প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়নের কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন তিনি।
হাসপাতাল পরিচালক বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী রোগীদের অন্যত্র স্থানান্তরের কাজ চলছে। এ প্রক্রিয়ায় কোনো রোগী যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সতর্ক রয়েছে।
উল্লেখ্য, ছয় নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা, চিকিৎসা ব্যবস্থাপনার ত্রুটি এবং পরিবেশগত অব্যবস্থাপনার বিষয় উঠে আসে। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের ঘোষণা দেয়।