মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই ইরান সরকার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আংশিকভাবে ব্যবহারের অনুমতি দিয়েছে।
শনিবার (৪ এপ্রিল) তাসনিম নিউজ এজেন্সি-এর বরাত দিয়ে রয়টার্স জানায়, অত্যাবশ্যকীয় পণ্যবাহী জাহাজগুলো নির্দিষ্ট নিরাপত্তা প্রোটোকল মেনে এই প্রণালি অতিক্রম করতে পারবে। প্রতিবেদন অনুযায়ী, ইরানের বন্দরমুখী যেসব জাহাজ বর্তমানে ওমান উপসাগর-এ অবস্থান করছে, তারা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রণালি ব্যবহার করতে পারবে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের পর ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবহন হয়। তবে নতুন এই সিদ্ধান্ত সবার জন্য উন্মুক্ত নয়। ইরানি কর্তৃপক্ষের নির্ধারিত কঠোর নিয়ম মেনে শুধুমাত্র খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি পণ্যবাহী জাহাজই চলাচলের সুযোগ পাবে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধ পরিস্থিতির মধ্যেও জরুরি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বৈশ্বিক উদ্বেগ কমাতেই তেহরান এই পদক্ষেপ নিয়েছে।
এমআর//