প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী ইমরান হোসেন জানান, গত ২ এপ্রিল নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানো হয়েছিল। পরে আজ তার উপস্থিতিতে জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত ৫ হাজার টাকা মুচলেকায় অভিযোগ গঠনের শুনানি পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। ফলে তার মুক্তিতে আর কোনো বাধা নেই।
এর আগে গত ২ ফেব্রুয়ারি একই আদালত নোবেলসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরবর্তীতে ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ এবং ২৪ ফেব্রুয়ারি আদালতে হাজির করা হলে আপসের শর্তে জামিন পান।
তবে ২ এপ্রিল আদালতে হাজিরার দিন বাদীপক্ষ তার জামিন বাতিলের আবেদন করে। অভিযোগ করা হয়, জামিনে মুক্ত থাকার সময় শর্ত ভঙ্গ করে তিনি বাদীকে মারধর করেছেন। এ ঘটনায় নতুন মামলাও দায়ের করা হয়। এরপর আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহারে বলা হয়, আনাননিয়া শবনম রোজ নামের এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেখিয়ে ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত প্রায় ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা আত্মসাৎ করেন নোবেল। অভিযোগে আরও বলা হয়, এ প্রতারণায় অন্য আসামিরাও তাকে সহায়তা করেছেন। তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়ে আদালতে প্রতিবেদন জমা দেয়।