আন্তর্জাতিক

আবারো হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ইরান

detaillogo
ডেস্ক নিউজ
০৮ এপ্রিল ২০২৬, ১৭:১৭
PostImage

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার মাত্র একদিনের মাথায় গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান।


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার মাত্র একদিনের মাথায় গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। বুধবার (৮ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারস এ তথ্য নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে হামলা চালিয়ে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কারসহ সব ধরনের জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। এর আগে সীমিতভাবে মাত্র দুটি জাহাজকে প্রণালীটি অতিক্রমের অনুমতি দিয়েছিল ইরান।

অন্যদিকে, লেবাননে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল, যা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে। এদিকে, মার্কিন জেনারেল ড্যান কেইন সকালে দাবি করেছিলেন যে প্রণালীটি এখনও উন্মুক্ত রয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানকে সফল বলে উল্লেখ করেছেন, হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্র প্রশাসনের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে প্রণালী বন্ধের সিদ্ধান্তের প্রভাব ইতোমধ্যেই বৈশ্বিক জ্বালানি বাজারে পড়তে শুরু করেছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে, যার প্রভাব পড়েছে বিভিন্ন দেশের গ্যাস ও ডিজেলের মূল্যে।

মঙ্গলবার রাতে তেলের দাম ১৫ শতাংশ কমে যাওয়ার পর বুধবার যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে ইতিবাচক সূচনা দেখা যায় এবং ডাও জোন্স শিল্পসূচক লেনদেন শুরুর প্রথম আধঘণ্টায় প্রায় ১ হাজার ৩০০ পয়েন্ট বৃদ্ধি পায়। তবে প্রণালী বন্ধের খবর সত্ত্বেও তেলের দাম মঙ্গলবারের তুলনায় কিছুটা কম ছিল এবং পুঁজিবাজারও সামান্য ঊর্ধ্বমুখী ছিল। তবুও যুদ্ধ শুরুর আগের তুলনায় তেলের দাম এখনও প্রায় ২৫ শতাংশ বেশি রয়েছে এবং ডাও জোন্স সূচক ছয় সপ্তাহ আগের তুলনায় প্রায় ৪ শতাংশ নিচে অবস্থান করছে।