মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ ৪০ দিন আটকে থাকার পর দেশে ফেরার পথে আবারও বাধার মুখে পড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন-এর জাহাজ ‘বাংলার জয়যাত্রা’।
গত বুধবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সৌদি আরব-এর রাস আল খায়ের বন্দর থেকে হরমুজ প্রণালির উদ্দেশে রওনা দেয় জাহাজটি। তবে ইরান সরকার প্রণালি পার হওয়ার অনুমতি না দেওয়ায় নতুন করে জটিলতা তৈরি হয়েছে।
বিএসসি সূত্র জানায়, প্রায় ৪০ ঘণ্টা সমুদ্রপথ পাড়ি দিয়ে শুক্রবার সকালে জাহাজটি হরমুজ প্রণালির কাছে পৌঁছায়। নিয়ম অনুযায়ী ইরান সরকারের কাছে অনুমতি চাওয়া হলেও তা প্রত্যাখ্যান করা হয়।
এ বিষয়ে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল মালেক জানান, সব নিয়ম মেনেই অনুমতি চাওয়া হয়েছিল, কিন্তু তা গ্রহণ করা হয়নি। কূটনৈতিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। নাবিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে জাহাজটিকে আপাতত শারজা বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জাহাজটিতে বর্তমানে ৩১ জন নাবিক রয়েছেন। তাদের নিরাপত্তা ও খাদ্য সরবরাহ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। নাবিকদের দৈনিক খাবার বরাদ্দ জনপ্রতি ৭ ডলার থেকে বাড়িয়ে ১২ ডলার করা হয়েছে এবং মূল বেতনের সমপরিমাণ ঝুঁকি ভাতাও দেওয়া হচ্ছে।
জাহাজটির পানি ব্যবস্থাপনাতেও সাশ্রয়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিদিন ১৮ টন লোনা পানি পরিশোধনের সক্ষমতা থাকলেও জ্বালানি সাশ্রয়ের জন্য তা কমিয়ে ৬ টনে নামিয়ে আনা হয়েছে।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে হরমুজ প্রণালি হয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে ‘বাংলার জয়যাত্রা’। পরে দুবাইয়ের জেবেল আলী বন্দরে পণ্য খালাস শেষ হলেও মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জাহাজটি আটকা পড়ে।
পরিকল্পনা অনুযায়ী জাহাজটির কুয়েত থেকে পণ্য নিয়ে কেপটাউন যাওয়ার কথা ছিল। তবে বর্তমান সামরিক উত্তেজনার কারণে প্রায় ৩৭ হাজার টন সার নিয়ে জাহাজটির গন্তব্যে পৌঁছানো এখন অনিশ্চিত হয়ে পড়েছে।