ইসরাইল-লেবানন যুদ্ধবিরতির ফলে মধ্যপ্রাচ্যের সংঘাত দ্রুত প্রশমিত হতে পারে—এমন আশায় বিশ্ববাজারে তেলের দাম কমেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ব্রেন্ট ক্রুড তেলের ফিউচার্স ১ শতাংশের বেশি কমে প্রতি ব্যারেল ৯৮ দশমিক ০৫ ডলারে নেমে এসেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দামও কমে প্রতি ব্যারেল ৯৪ ডলারের নিচে নেমেছে।
গত মার্চে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানকে ঘিরে সংঘাত তীব্র আকার ধারণ করলে বিশ্ববাজারে তেলের দাম প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। যদিও সাম্প্রতিক সময়ে তা ১০০ ডলারের নিচে নেমেছে, তবে পুরো সপ্তাহজুড়ে দাম ৯০ ডলারের ঘরেই অবস্থান করছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনার অংশ হিসেবে চলতি সপ্তাহান্তে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হতে পারে।
তার এই মন্তব্য আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে, যা তেলের বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।