যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অব্যাহত থাকায় গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি আবারও বন্ধ ঘোষণা করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
শনিবার (১৮ এপ্রিল) আইআরজিসির যৌথ সামরিক কমান্ডের এক বিবৃতিতে জানানো হয়, কৌশলগত এই প্রণালিটি পুনরায় ‘আগের অবস্থায়’, অর্থাৎ কঠোর সামরিক নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ইরানি বন্দরে অবরোধ বজায় রেখে ‘সামুদ্রিক চুরি’ চালাচ্ছে। এর জবাব হিসেবেই তেহরান এই পদক্ষেপ নিয়েছে। আইআরজিসি জানায়, ইরান থেকে ছেড়ে যাওয়া বা ইরানের উদ্দেশ্যে আসা জাহাজগুলোর চলাচলের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই কঠোর নিয়ন্ত্রণ বহাল থাকবে।
সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মার্কিন অবরোধের পাল্টা কৌশল হিসেবে ইরান এই গুরুত্বপূর্ণ জলপথকে চাপ সৃষ্টির মাধ্যম হিসেবে ব্যবহার করছে।
উল্লেখ্য, এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়েই প্রণালিটি উন্মুক্ত রাখার কথা বলেছিলেন। তবে যুক্তরাষ্ট্র অবরোধ তুলে না নেওয়ায় সেই সিদ্ধান্ত থেকে সরে এসে নতুন করে কঠোর অবস্থান নিল ইরান।