আন্তর্জাতিক

স্মার্ট কৃষি বাস্তবায়নে মহাপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

detaillogo
ডেস্ক নিউজ
২২ এপ্রিল ২০২৬, ১২:২৯
PostImage

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, বহুমুখীকরণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ‘স্মার্ট কৃষি’ বাস্তবায়নে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার।


প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, বহুমুখীকরণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ‘স্মার্ট কৃষি’ বাস্তবায়নে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এ পরিকল্পনার অংশ হিসেবে গত ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ উদ্বোধন করা হয়েছে, যার মাধ্যমে কৃষকরা ১০ ধরনের সেবা সরাসরি পাবেন।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। তিনি বলেন, খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও জলবায়ু পরিবর্তনসহ নানা চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষিকে টেকসই ও লাভজনক খাতে রূপান্তরের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, কৃষক কার্ডের মাধ্যমে ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, ভর্তুকি ও প্রণোদনা, স্বল্পমূল্যে যন্ত্রপাতি, সেচ সুবিধা, সহজ শর্তে কৃষিঋণ, কৃষি বীমা, বাজারজাতকরণ সহায়তা, প্রশিক্ষণ এবং ডিজিটাল প্ল্যাটফর্মে তথ্যসহ নানা সেবা দেওয়া হবে। পর্যায়ক্রমে দেশের সব কৃষককে এই কার্ডের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, কৃষি উৎপাদন বাড়াতে উন্নত বীজ, সুষম সার ও আধুনিক সেচ ব্যবস্থার সম্প্রসারণ করা হচ্ছে। ইতোমধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খননের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এবং কৃষি যান্ত্রিকীকরণে ভর্তুকি দিয়ে বিভিন্ন যন্ত্রপাতি সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে।

কৃষিপণ্যের বহুমুখীকরণ, পতিত জমি আবাদে আনা, কোল্ড স্টোরেজ নির্মাণ এবং রপ্তানি বৃদ্ধির দিকেও সরকার গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি কৃষি গবেষণা ও উদ্ভাবনে নতুন জাতের ফসল উদ্ভাবন এবং জলবায়ু সহনশীল প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দেওয়া হচ্ছে।

চলতি অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তায় ৭০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যার মাধ্যমে লাখো ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ইতোমধ্যে উপকৃত হয়েছেন বলে জানান প্রধানমন্ত্রী।