ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শনিবার (৯ মে) কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করেন।
অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এনডিএ জোটভুক্ত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। রাজ্যপাল আর এন রবি শুভেন্দু অধিকারীকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করান।
সংবাদ সংস্থা পিটিআই জানায়, নতুন মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু ও নিসিথ প্রামাণিক।
২৯৪ সদস্যের পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি ২০৭টি আসনে জয়লাভ করে সরকার গঠন করছে। এর মধ্য দিয়ে রাজ্যে তৃণমূল কংগ্রেসের টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটলো।
গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস দাবি করেছিল, তারা আগের তিনবারের মতো এবারও বিপুল ব্যবধানে জয় পাবে। তবে ফলাফল প্রকাশের পর দেখা যায়, অধিকাংশ ভোটার বিজেপির পক্ষেই রায় দিয়েছেন। এর ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের শাসনের সমাপ্তি ঘটছে।