আন্তর্জাতিক

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ১৫ পুলিশ সদস্য নিহত

detaillogo
ডেস্ক নিউজ
১১ মে ২০২৬, ১৩:৪৪
PostImage

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি পুলিশ স্থাপনায় ভয়াবহ আত্মঘাতী হামলায় অন্তত ১৫ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।


পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি পুলিশ স্থাপনায় ভয়াবহ আত্মঘাতী হামলায় অন্তত ১৫ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার (৯ মে) স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটের দিকে বান্নু জেলায় এ হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যম ও সরকারি সূত্রে জানা গেছে।


সরকারি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, বিস্ফোরকবোঝাই একটি দ্রুতগামী গাড়ি নিয়ে আত্মঘাতী হামলাকারী পুলিশের ওই স্থাপনায় সজোরে ধাক্কা দেয়। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে পুরো স্থাপনাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং আশপাশের এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। হামলার পরপরই নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে এবং আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।

রোববার (১০ মে) নিহত পুলিশ সদস্যদের জানাজা ও শেষ বিদায়ের আয়োজন করা হয়। এতে শত শত মানুষ অংশ নিয়ে শোক প্রকাশ করেন।

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করেই হামলাটি চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সাম্প্রতিক সময়ে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার মাত্রা বেড়ে যাওয়ায় এ ঘটনা নতুন করে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে।